ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে কাদের মির্জার বাড়ির সামনে ককটেল বিষ্ফোরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির মূল ফটকে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রীর বাড়ির মূল ফটলের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস যোগে দুধমুখার দিক থেকে একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে আসে। এ সময় তারা কয়েকটি বাড়ির মূল ফটলের সামনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত বসুরহাটের দিকে চলে যায়।


মেয়র আবদুল কাদের মির্জার ভাই শাহাদাত হোসেন বলেন, তিনি তারাবির নামাজ শেষ করে বাড়ির সামনে বসুরহাট-দুধমুখা সড়কের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুধমুখার দিক থেকে একটি মাইক্রোবাস এবং তার পেছনে দু’টি মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী আসে। তারা বাড়ির সামনে এসে আমাকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করলে একটি বিষ্ফোরণ হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বসুরহাটের দিকে পালিয়ে যায়। তিনি এ ঘটনার জন্য তাদের চলমান রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন।


কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑